আন্তর্জাতিক

জাহাজে হামলা হলেই ধ্বংস করা হবে ইরানের একটি সেতু বা বিদ্যুৎকেন্দ্র: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

হরমুজ প্রণালিতে চলাচলকারী কোনো জাহাজে ইরান হামলা চালালে প্রতিবারই দেশটির একটি সেতু বা বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করে জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (২২ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ সতর্কবার্তা দেন।

পোস্টে তিনি বলেন, এখন থেকে ইরান যদি হরমুজ প্রণালিতে কোনো জাহাজের ওপর ক্ষেপণাস্ত্র, রকেট, ড্রোন বা অন্য কোনো অস্ত্র দিয়ে হামলা চালায়, তাহলে যুক্তরাষ্ট্র প্রতিবারই একটি করে সেতু অথবা বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়ে সেটি ধ্বংস করবে।

এর আগে যুক্তরাষ্ট্র টানা ১১তম রাতের মতো ইরানের বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালায়। হামলার সময় রাজধানী তেহরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। একই সময়ে ইরান জর্ডানের আকাবা শহর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এর জেরে বাহরাইন ও সৌদি আরবেও নিরাপত্তা সতর্কতা জারি করা হয়।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় বসার বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো আগ্রহ নেই। তিনি ইঙ্গিত দেন, ইরানের পাহাড়ের নিচে নির্মাণাধীন একটি পারমাণবিক স্থাপনাও শিগগিরই মার্কিন হামলার লক্ষ্যবস্তু হতে পারে।

‘পিকঅ্যাক্স মাউন্টেন’ নামে পরিচিত স্থাপনাটি নাতাঞ্জ পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রের দক্ষিণ পাশে অবস্থিত। ২০২৫ সালে ইরান-ইসরাইলের ১২ দিনের যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র নাতাঞ্জে হামলা চালালেও পাহাড়ের নিচের এই স্থাপনাটি অক্ষত ছিল।

ইরান বরাবরই দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। তবে ট্রাম্প তার প্রথম মেয়াদে ২০১৫ সালের পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করার পর তেহরান অস্ত্র-মানের কাছাকাছি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুনরায় শুরু করে। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর অভিযোগ, ইরান ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের চেষ্টা করছে। যদিও তেহরান এ অভিযোগ অস্বীকার করে আসছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #হরমুজ প্রণালি #ইরান #যুক্তরাষ্ট্র #ট্রাম্প