মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’-এর প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের প্রতিবাদে রাজধানী দিল্লিতে শুরু হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন এবার দেশজুড়ে ছড়িয়ে পড়ার ইঙ্গিত দিচ্ছে। যন্তর মন্তরে চলমান বিক্ষোভের মধ্যেই পশ্চিমবঙ্গসহ ভারতের আরও কয়েকটি বড় শহরে কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছে সংগঠনটি।
কলকাতা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৪টায় কলেজ স্কোয়ার থেকে মধ্য কলকাতার রানি রাসমণি রোড (ধর্মতলা) পর্যন্ত একটি প্রতিবাদ মিছিলের অনুমতি চেয়ে কলকাতা পুলিশের কাছে ই-মেইলে আবেদন করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ, জাতীয় পরীক্ষা ব্যবস্থার সংস্কার এবং সাম্প্রতিক প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করার দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হচ্ছে। এতে অংশ নিতে স্থানীয় শিক্ষার্থী ও যুব সংগঠনগুলোকে আমন্ত্রণ জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে অতীতে শিক্ষা খাতে দুর্নীতির বিতর্কে জড়িত ব্যক্তিদের কর্মসূচি থেকে দূরে থাকার আহ্বানও জানিয়েছে সিজেপি।
এর আগে মুম্বাইয়ের শিবাজি পার্ক এবং চেন্নাইয়ের টি নগর এলাকায় কোনো পূর্বানুমতি ছাড়াই বিপুলসংখ্যক শিক্ষার্থী সিজেপির প্রতি সংহতি জানিয়ে রাস্তায় নেমেছিলেন।
মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে সিজেপির সংসদ ভবন অভিযানের জেরে গত সোমবার উত্তপ্ত হয়ে ওঠে দিল্লি। এর প্রতিবাদে মঙ্গলবার (২১ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রিয়াঙ্কা গান্ধী এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব।
পরে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে এবং রাহুল গান্ধীকে জোরপূর্বক গাড়িতে তুলে আটক করে। এ সময় তার নাক দিয়ে রক্ত ঝরতে দেখা যায়।
বুধবার (২২ জুলাই) এক সংবাদ সম্মেলনে রাহুল গান্ধী জানান, তিনটি দাবিতে তারা অনড় রয়েছেন। দাবিগুলো হলো— কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং পরীক্ষা ব্যবস্থার ব্যর্থতার দায় স্বীকার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা।
অন্যদিকে, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা এসব দাবি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, বিষয়টি নিয়ে সংসদে আলোচনায় সরকার সম্পূর্ণ প্রস্তুত। তবে এ ঘটনাকে ঘিরে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কর্মসূচি গ্রহণ মেনে নেওয়া হবে না।
এদিকে ‘নিট’ প্রশ্নপত্র ফাঁস এবং আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে টানা তৃতীয় দিনের মতো অচল হয়ে পড়েছে ভারতের সংসদের বর্ষাকালীন অধিবেশন। বিরোধী সদস্যদের হট্টগোলের মুখে লোকসভা ও রাজ্যসভার কার্যক্রম দফায় দফায় মুলতবি করা হয়েছে।
অন্যদিকে, সিজেপির সংসদ ভবন অভিযানে পুলিশি নির্যাতনের অভিযোগে জরুরি শুনানির আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বেঞ্চ। শুনানির সময় ঘটনার ভিডিও ফুটেজ আদালতে প্রদর্শনের আবেদন জানানো হলেও প্রধান বিচারপতি তা নাকচ করে দিয়ে বলেন, আদালতের মূল্যবান সময় নষ্ট করা উচিত নয়।
এদিকে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে চিকিৎসাধীন সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছেন। তবে তিনি শর্ত দিয়েছেন, আন্দোলনে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে সরকার যেন শাস্তিমূলক ব্যবস্থা বা আইনি পদক্ষেপ গ্রহণ না করে।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
এসি//