রাজনীতি

সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি জানালেন আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সদ্য পদত্যাগকারী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের জোরালো দাবি তুলেছেন।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে একটি কার্টুন ছবি পোস্ট করে তিনি লেখেন, "অবিলম্বে ফ্যাসিবাদের দোসর মো. সাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে।"

এছাড়া পোস্টে ‘অ্যারেস্ট চুপ্পু’ হ্যাশট্যাগও ব্যবহার করেন তিনি। তার এই বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। কেউ তার দাবির সাথে একমত পোষণ করেছেন, আবার কেউ এর সমালোচনা করেছেন।

এর আগে শুক্রবার বিকেলে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে দেশের ২২তম রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ান মো. সাহাবুদ্দিন।

স্পিকারের কাছে পাঠানো পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন যে, তিনি হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং কিডনি জটিলতাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন।

সম্প্রতি তার দেহে ‘অটোনমিক নিউরোপ্যাথি’ নামক রোগ ধরা পড়েছে, যার ফলে তিনি মাঝেমধ্যে সাময়িকভাবে জ্ঞান হারিয়ে ফেলেন। এমন পরিস্থিতিতে রাষ্ট্রপতির মতো একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব চালিয়ে যাওয়া তার জন্য অসম্ভব হয়ে পড়েছে।

সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী তিনি এই পদত্যাগপত্র জমা দেন। তার পদত্যাগের পর এখন সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

 

আর/আই 

এ সম্পর্কিত আরও পড়ুন #এনসিপি #আসিফ মাহমুদ #রাষ্ট্রপতি