পটুয়াখালীর গলাচিপা উপজেলায় চলন্ত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে সুমাইয়া (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু সুমাইয়া গজালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড নিবাসী শামিম মোল্লার কন্যা।
গত শুক্রবার (২৪ জুলাই) উপজেলার গজালিয়া ইউনিয়নের চান্দেরহাটখোলা এলাকায় স্লুইসগেট সংলগ্ন সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেন, কলাগাছিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. আল হেলাল সিকদার।
পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন মায়ের সঙ্গে কলাগাছিয়া থেকে অটোরিকশায় চড়ে নানাবাড়ি আমখোলায় যাচ্ছিল সুমাইয়া। পথিমধ্যে চান্দেরহাটখোলা স্লুইসগেট এলাকায় পৌঁছালে হঠাৎ তার গলায় থাকা ওড়নাটি চলন্ত অটোরিকশার চাকার ভেতর পেঁচিয়ে যায়। এতে সে মারাত্মকভাবে জখম হয়। স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধারের চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি।
এসআই মো. আল হেলাল সিকদার ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় আইনি কার্যক্রম পরিচালনা করেন। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সুমাইয়ার মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয় এবং নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।
মাত্র ১০ বছর বয়সে এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়ে সুমাইয়ার আকস্মিক মৃত্যুতে তার পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
আর/আই