ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে প্রাইভেটকারসহ চারটি যানবাহনের সংঘর্ষের ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থী প্রাণ হারিয়েছে। নিহতরা হলেন মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের স্নাতকোত্তরের শিক্ষার্থী আবাস সাহা এবং এইচএসসি পরীক্ষার্থী সুজয় সাহা। সম্পর্কে তারা ফুপাতো-মামাতো ভাই।
শনিবার (২৫ জুলাই) সকালে মহাসড়কের ধামরাই ইসলামপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেনছে সাভার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন ।
স্থানীয়দের উদ্ধৃত্তি দিয়ে পুলিশ জানিয়েছে, শনিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ইসলামপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস বিকল হয়ে সড়কে থেমে যায়। ওই বাসটির পেছনে থাকা একটি প্রাইভেটকার, একটি কাভার্ডভ্যান ও একটি মোটরসাইকেল আকস্মিক ব্রেক করে গতি কমিয়ে দেয়।
এ সময় পেছন থেকে ছুটে আসা দ্রুতগতির ‘স্বাধীন পরিবহন’-এর আরেকটি যাত্রীবাহী বাস প্রথমে মোটরসাইকেলটিকে এবং পরবর্তীতে কাভার্ডভ্যান ও প্রাইভেটকারকে সজোরে ধাক্কা দেয়।
এই ভয়াবহ সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থী গুরুতর আহত হন। দ্রুত তাদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে এসআই শাহাদাত হোসেন জানান, খবর পাওয়ামাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাগ্রস্ত যানবাহনগুলো সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে। পাশাপাশি নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় স্বজনদের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আর/আই