আন্তর্জাতিক

গাজায় ইসরাইলি হামলায় নিহত ৬, আহত ৩৭

আন্তর্জাতিক ডেস্ক

গাজা উপত্যকায় গেল ৪৮ ঘণ্টায় দখলদার ইসরাইলি বাহিনীর হামলায় আরও অন্তত ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৩৭ জন।

শনিবার (২৫ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে প্রতিবেদনে বলা হয়, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা এবং বিভিন্ন সড়কে আটকে থাকা বহু হতাহত ব্যক্তির কাছে এখনো উদ্ধারকারী দল পৌঁছাতে পারেনি। ফলে নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বাড়তে পারে।

এদিকে অধিকৃত পশ্চিম তীরে অভিযান অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অন্তত ৬৬ জন ফিলিস্তিনিকে আটক করা হয়েছে।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, সবচেয়ে বড় অভিযানটি চালানো হয় নাবলুসের দক্ষিণাঞ্চলের তাল গ্রামে। সেখানে ৩০ জনকে আটক করা হয়। এছাড়া রামাল্লাহ থেকে চারজন, জেনিন থেকে পাঁচজন, হেবরন এলাকা থেকে আটজন, বেথলেহেম থেকে তিনজন এবং তুলকারেম গভর্নরেট থেকে পাঁচজনকে আটক করা হয়েছে।

অন্যদিকে, অধিকৃত পূর্ব জেরুজালেমের দক্ষিণ-পূর্বাঞ্চলের আল-আইজারিয়া শহরেও অভিযান চালিয়ে একজন ফিলিস্তিনিকে আটক করেছে ইসরাইলি পুলিশ।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবর মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত ইসরাইলি হামলায় গাজায় মোট এক হাজার ১৯১ জন নিহত এবং তিন হাজার ৮৫৩ জন আহত হয়েছেন। একই সময়ে ধ্বংসস্তূপের নিচ থেকে আরও ৮০৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #গাজা #ফিলিস্তিন #ইসরাইল