বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শ কিংবা ব্যক্তিগত পছন্দ-অপছন্দের কোনো প্রভাব না রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে পদোন্নতির জন্য কর্মকর্তাদের মূল্যায়নে পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা, সততা, বিশ্বস্ততা ও অনুগত্যকে প্রধান বিবেচনায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (২৬ জুলাই) সেনা সদর দপ্তরে ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
নির্বাচনী পর্ষদের সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, পদোন্নতির জন্য যোগ্য কর্মকর্তাদের মূল্যায়নে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব নিশ্চিত করতে হবে। কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক বিবেচনার পরিবর্তে সংশ্লিষ্ট কর্মকর্তার কর্মদক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, শৃঙ্খলাবোধ এবং সততার ভিত্তিতেই পদোন্নতির সিদ্ধান্ত নেওয়া উচিত।
প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, স্থিতিশীলতা নিশ্চিত করা এবং দুর্যোগ মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তা দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
দেশের প্রয়োজনে সেনাবাহিনীর দায়িত্বশীল ভূমিকা ও অবদানের জন্য সেনাপ্রধান থেকে শুরু করে বাহিনীর সব সদস্যের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী।
এসি//