সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আইনগত বিধান অনুযায়ী একজন হিসেবে সব ধরনের সুযোগ-সুবিধা এবং নিরাপত্তা পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২৬ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পদক ও সম্মাননা প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বৈরাচারের শেষ পর্যায় থেকে শুরু করে অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান সরকারের প্রায় ছয় মাস সময় পর্যন্ত তিনি সাংবিধানিক দায়িত্ব পালন করেছেন।
ওই সময় সংবিধান অনুযায়ী তিনি বিশেষ সুরক্ষার (প্রিভিলেজড) আওতায় ছিলেন এবং তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধে আদালতে কোনো মামলা করার সুযোগ নেই।
বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, অভ্যুত্থান পরবর্তী মানুষের বাকস্বাধীনতা রয়েছে এবং তারা বক্তব্য দেওয়ার অধিকার রাখেন। তবে বর্তমান সরকারের কাছে সেগুলো আমলে নেওয়ার মতো কোনো আইনি ভিত্তি বা সুনির্দিষ্ট বিষয় নেই।
এছাড়া সাবেক রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপের বিষয়টি সংবাদমাধ্যমে দেখলেও এসংক্রান্ত কোনো তথ্য বা প্রমাণ সরকারের কাছে নেই বলে জানান তিনি।
নিরাপত্তা ও অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুযায়ী সব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন এবং তার প্রটেকশনের জন্য এসএসএফ ও পিজিআরসহ ৬ মাসের একটি বিধান আছে।
এছাড়াও পুলিশ ও অন্যান্য সংস্থা থেকে তার নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হবে। আইন অনুযায়ী যেসব সুবিধা রয়েছে, তার সব সুবিধা তিনি পাবেন।
এ বছর পুলিশ পদক প্রদান না করার কারণ ব্যাখ্যা করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ বছর পুলিশ পদকের তালিকা তাড়াহুড়োর সঙ্গে করা হয়েছিল। আমরা সেই তালিকা যাচাই করতে গিয়ে কিছু ত্রুটি পেয়েছি। দুই-একটি ক্ষেত্রে কিছু অনিয়মও হয়ে থাকতে পারে। যাচাই-বাছাই করে বিশুদ্ধ তালিকা প্রস্তুত করা হবে। বিষয়টি এখনও আমার কাছে পেন্ডিং রয়েছে। আজ বিষয়টি জেনেছি। খুব দ্রুতই এটি শেষ করব।
আর/আই