দেশজুড়ে

বিএনপির এক নেতা বহিষ্কার, পাঁচজনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েকজন নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। উপজেলা বিএনপির এক সাবেক নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) রাতে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশের স্বাক্ষরিত দুটি পৃথক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

জেলা বিএনপি জানায়, অভিযোগের প্রমাণ পাওয়ায় কাজিপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জু রশীদ রানা, যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান আতিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আসাদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসিফ সরকার এবং মাইজবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মিস্টারের বিরুদ্ধে সংশ্লিষ্ট সংগঠনের মাধ্যমে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মিজানুর রহমান বাবলুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগে তার বিরুদ্ধে নেওয়া স্থগিতাদেশ আবেদন বিবেচনায় প্রত্যাহার করা হলেও নতুন করে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া বাবলুর ছেলে সুমনের সঙ্গে দলের কোনো পর্যায়ের নেতা-কর্মীদের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর অনুমোদনে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #সিরাজগঞ্জ