সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উপজেলার পোতাজিয়া ইউনিয়নের মনিরুল ইসলাম (২৯), বাড়াবিল উত্তরপাড়া গ্রামের রায়হান হোসেন (২৪) এবং বেল্লাল হোসেন (৩০)।
রোববার (২৬ জুলাই) শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে চক্রের সদস্যদের আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয় পাঁচটি চোরাই মোটরসাইকেল। উদ্ধার হওয়া মোটরসাইকেলের মধ্যে রয়েছে তিনটি ১৫০ সিসির পালসার (দুটি কালো ও একটি লাল), একটি ১৫০ সিসির সুজুকি জিকজার এবং একটি ১০০ সিসির লাল রঙের প্লাটিনা।
গ্রেপ্তার তিনজনকে আজ বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। একই সঙ্গে চোরচক্রের পলাতক সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আই/এ