শর্তসাপেক্ষে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় বাতিল হওয়া রাজধানীর বড় মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স প্রায় দেড় মাস পর পুনর্বহাল করেছে সরকার। একই সঙ্গে শর্তসাপেক্ষে হাসপাতালটিকে পুনরায় চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনার অনুমতিও দেওয়া হয়েছে।

সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সই করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার পর হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হলে কর্তৃপক্ষ ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে। আপিলের পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটিকে গত ১৫ জুলাই তিন কর্মদিবসের মধ্যে হাসপাতালটি সরেজমিন পরিদর্শন করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

পরে তদন্ত কমিটি পরিদর্শন শেষে প্রতিবেদন দাখিল করে। সেই প্রতিবেদন সন্তোষজনক বিবেচিত হওয়ায় হাসপাতালটির লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করে পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে হাসপাতালটির কার্যক্রম পুনরায় চালুর ক্ষেত্রে কয়েকটি শর্ত আরোপ করেছে সরকার। এর মধ্যে দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২-এর বিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে।

এছাড়া লাইসেন্সের শর্ত অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, ভবিষ্যতে লাইসেন্সের কোনো শর্ত লঙ্ঘিত হলে সরকার ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের মাধ্যমে হাসপাতালটির বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল #শর্তসাপেক্ষে #লাইসেন্স