অর্থনীতি

নবম পে-স্কেল নিয়ে অর্থমন্ত্রীর নতুন বার্তা

বায়ান্ন প্রতিবেদন

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রয়োজনীয় আনুষঙ্গিক কাজ শেষ হলেই প্রস্তাবটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। অনুমোদন মিললে দ্রুত প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানান তিনি।

বুধবার (২৯ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নতুন বেতন কাঠামোর সর্বশেষ অগ্রগতি তুলে ধরে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

তিনি জানান, নবম পে-স্কেল বাস্তবায়নের প্রস্তুতি দ্রুত এগিয়ে চলছে। এ সংক্রান্ত আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্ন হওয়ার পর বিষয়টি মন্ত্রিসভার অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। অনুমোদনের পরই নতুন বেতন কাঠামো বাস্তবায়নে প্রজ্ঞাপন জারি করা হবে।

পে-স্কেল নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রসঙ্গ টেনে অর্থমন্ত্রী বলেন, সরকার নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই কাজ এগিয়ে নিচ্ছে। এ বিষয়ে বিভিন্ন মাধ্যমে নানা ধরনের সংবাদ প্রকাশিত হলেও সরকার পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের সঙ্গে নবম পে-স্কেল বাস্তবায়নের কোনো সম্পর্ক রয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আইএমএফের ঋণ এবং পে-স্কেল বাস্তবায়ন সম্পূর্ণ আলাদা বিষয়। একটির সঙ্গে অন্যটির কোনো সম্পর্ক নেই।

পে-স্কেল নিয়ে গণমাধ্যমে বিভিন্ন ধরনের প্রতিবেদন প্রকাশের বিষয়ে তিনি বলেন, এ নিয়ে দুই দিন পরপর মন্তব্য করতে চান না। বিভিন্ন গণমাধ্যম তাদের নিজস্বভাবে সংবাদ প্রকাশ করছে। তবে তিনি বিষয়টি নিয়ে একবারেই বিস্তারিত কথা বলবেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #পে-স্কেল #আমির খসরু মাহমুদ চৌধুরী #অর্থ ও পরিকল্পনামন্ত্রী