ব্রাজিলে প্রবল ঝোড়ো বাতাসে দেয়াল ধসে প্রাণ হারিয়েছেন দেশটির সাবেক ফুটবলার তাসিও মাইয়া দোস সান্তোস।
বুধবার (২৯ জুলাই) রিও ডি জেনিরোর পাহাড়ি এলাকা সান্তা তেরেসায় ঘটে যাওয়া এই দুর্ঘটনায় তার বন্ধু ও সহকর্মী ভান্দ্রে কর্দেইরোও নিহত হন।
রিও ডি জেনেইরো অঙ্গরাজ্যের সিভিল ডিফেন্স ও মিলিটারি ফায়ার ডিপার্টমেন্ট জানায়, ঘণ্টায় প্রায় ৭৫ মাইল বেগে বইতে থাকা ঝোড়ো বাতাসের চাপ সহ্য করতে না পেরে একটি ভারী দেয়াল হঠাৎ ভেঙে পড়ে। দেয়ালের ধ্বংসাবশেষ একটি পার্ক করা গাড়ি ও পথচারীদের ওপর আছড়ে পড়লে ঘটনাস্থলেই তাসিও ও ভান্দ্রের মৃত্যু হয়।
২০০২ সালে পেশাদার ফুটবলে অভিষেকের পর প্রায় ১৭ বছরের ক্যারিয়ারে তাসিও ২৭টি ক্লাবের হয়ে খেলেছেন। ব্রাজিলের সাও ক্রিস্তোভাও থেকে উঠে আসা এই স্ট্রাইকার ২০১৫ সালে ঐতিহ্যবাহী ক্লাব বোটাফোগোতে যোগ দিয়ে আলোচনায় আসেন। ক্লাবটির হয়ে তিনি ছয়টি ম্যাচ খেলেন এবং একটি গোল করেন।
দেশের বাইরে তাসিও বুলগেরিয়ার সিএসকেএ সোফিয়া এবং কোস্টারিকার দেপোর্তিভো সাপ্রিসার জার্সিতেও খেলেছেন। ক্যারিয়ারের বিভিন্ন সময়ে ইউরোপীয় প্রতিযোগিতায় অংশ নেওয়ার অভিজ্ঞতাও ছিল তার। ২০১৯ সালে ফেরোভিয়ারিওর হয়ে খেলার মাধ্যমে পেশাদার ফুটবলকে বিদায় জানান তিনি।
তাসিওর আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে তার সাবেক ক্লাব বোটাফোগো। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় ক্লাবটি তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে এই কঠিন সময়ে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছে।
পি/ডি