যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ৪০ ঘণ্টা ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে আটকে থাকার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীরা ঢাকায় ফিরেছেন।
রোববার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় তাদের নিয়ে ঢাকায় অবতরণ করে ফ্লাইটটি। ফ্লাইটে ২৪৭ জন যাত্রী ছিলেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০৬ ফ্লাইটটি স্থানীয় সময় শনিবার রাত ১১টায় (বাংলাদেশ সময় রাত ৩টা) ইতালির রোম ত্যাগ করে। এরপর দীর্ঘ যাত্রা শেষে রোববার দুপুর ১২টা ৩০ মিনিটে ফ্লাইটটি নিরাপদে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমান সংস্থাটির বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার মডেলের অত্যাধুনিক উড়োজাহাজ দিয়ে ফ্লাইটটি পরিচালনা করা হয়।
উল্লেখ্য, এর আগে আড়াইশর বেশি যাত্রী নিয়ে ফ্লাইটটি বৃহস্পতিবার বিকেল ৫টা ১৮ মিনিটে টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে। ৮ ঘণ্টা ওড়ার পর জ্বালানির জন্য রোমের ফিউমিচিনো বিমানবন্দরে টেকনিক্যাল ল্যান্ডিং করে। তবে যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি আর উড়তে পারেনি।
আর/আই