দেশজুড়ে

ঝগড়া মীমাংসা করতে গিয়ে জামাইয়ের হাতে শ্বশুর খুন

ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে স্বামী-স্ত্রীর ঝগড়ার মিমাংসা করতে গিয়ে মেয়ের জামাইয়ের (ফিরোজ মিয়া) লাঠির আঘাতে শ্বশুরের মৃত্যু হয়েছে। অভিযুক্ত ফিরোজ মিয়া নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি গ্রামের বাসিন্দা। তিনি শ্রীপুর পৌরসভার বৈরাগীরচালা এলাকার একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

গত মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড (দারোগারচালা) এলাকার মনির হোসেনের বাড়িতে হামলা ও মারধরের ঘটনা ঘটে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, অভিযুক্ত ফিরোজ মিয়া ও তার স্ত্রী সুরাইয়া বেগম (২৫) দুজনেই পোশাক কারখানায় চাকরি করতেন। মঙ্গলবার স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের ঝগড়া লাগে। খবর পেয়ে সুরাইয়ার বাবা হাফিজ উদ্দিন মেয়ের বাড়িতে গেলে বাবার সামনেই মেয়েকে মারধর করেন জামাই। পরে এ নিয়ে মেয়ের জামাই ফিরোজ মিয়া, তার ভাই, চাচা ও উকিল বাবার সঙ্গে শ্বশুর হাফিজ উদ্দিনের কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে মেয়ের জামাই ফিরোজ মিয়া ও তার স্বজনরা হাফিজ উদ্দিনকে এলোপাতাড়ি মারধর করতে থাকেন। মারতে মারতে তারা হাফিজ উদ্দিনকে বাড়ির বাইরে সড়কের উপর নিয়ে লাঠি দিয়ে একাধিক আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিষয়টি বুঝতে পেরে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ওসি মোহাম্মদ শাহীনুর আলম জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক মনির হোসেনের স্ত্রীকে আটক করা হয়েছে। ঘটনার পর অভিযুক্ত জামাই ফিরোজ মিয়া (৩০) ও তার সহযোগীরা পলাতক রয়েছে।  নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আর/আই 

এ সম্পর্কিত আরও পড়ুন #গাজীপুর #শ্বশুর #মৃত্যু