জাতীয়

থার্ড টার্মিনালে ওপর থেকে পিকআপ উল্টে পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের দ্বিতীয় তলার ফ্লাইওভার থেকে বিমানবাহিনীর একটি পিকআপ নিচে পড়ে তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। আহতদের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) রাত সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শাহজালাল বিমানবন্দরের একটি দুর্ঘটনা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিহতরা হলেন—ওয়ারেন্ট অফিসার মাহমুদ, কর্পোরাল মনিরুজ্জামান ও ল্যান্স কর্পোরাল জুবাইদুল। তারা থার্ড টার্মিনালের ভেতরে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।

পুলিশের দুর্ঘটনা প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তার দায়িত্ব পালনের সময় বিমানবাহিনীর পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে দ্বিতীয় তলার ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন সদস্যের মৃত্যু হয়।

আহতদের মধ্যে কর্পোরাল মাহবুব ও এলএসি আহাদ গুরুতর আহত হয়েছেন। সিনিয়র অফিসার আবুল খায়ের সামান্য আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী জানান, দুর্ঘটনায় নিহত তিনজনই বিমানবাহিনীর সদস্য। আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের বিস্তারিত পরিচয় মঙ্গলবার জানানো হবে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #থার্ড #টার্মিনালে #ওপর #পিকআপ #উল্টে #পড়ে #বিমানবাহিনীর #৩ #সদস্য #নিহত