জাতীয়

স্বল্প সময়ের মধ্যেই কমবে লোডশেডিং: তথ্য উপদেষ্টা

বায়ান্ন প্রতিবেদন

দেশে চলমান লোডশেডিং খুব অল্প সময়ের মধ্যেই উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

জাহেদ উর রহমান বলেন, বিদ্যুৎ সংকটের কারণে বর্তমানে যে লোডশেডিং হচ্ছে, সেটি শহর ও গ্রামাঞ্চলের মধ্যে তুলনামূলকভাবে সমানভাবে ভাগ করে দেওয়া হচ্ছে। আগের মতো শুধু গ্রামাঞ্চলকে বেশি লোডশেডিংয়ের চাপ নিতে হচ্ছে না।

তিনি বলেন, জ্বালানি সংকট নিয়ে এরই মধ্যে বিভিন্ন পর্যায়ে আলোচনা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় তার প্রত্যাশা, খুব অল্প সময়ের মধ্যেই বর্তমানে যে মাত্রায় লোডশেডিং হচ্ছে, তা অনেকটাই কমে আসবে।

ঢাকায় সাম্প্রতিক লোডশেডিং প্রসঙ্গে উপদেষ্টা বলেন, রাজধানীর বাসিন্দারা এমন মাত্রার বিদ্যুৎ বিভ্রাট দেখছেন, যা অতীতে তুলনামূলকভাবে কম ছিল। আগের সময়ে ঢাকার বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে গ্রামাঞ্চলে বেশি লোডশেডিং দেওয়া হতো। তবে বর্তমান সরকার বিদ্যুৎ সংকটের চাপ সবার মধ্যে ভাগ করে দেওয়ার নীতি নিয়েছে। সে কারণেই ঢাকাতেও এখন লোডশেডিং হচ্ছে।

বড় শহরগুলোতে তুলনামূলক বেশি বিদ্যুৎ সরবরাহের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে তিনি বলেন, এর কারণ সেখানে প্রভাবশালী মানুষের বসবাস নয়; বরং বড় শহরগুলোতে অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিমাণ বেশি। এ কারণে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে বড় শহরকে অগ্রাধিকার দেওয়ার একটি প্রচলিত নীতি রয়েছে। তবে বর্তমান সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, সংকটের সময়ে লোডশেডিংয়ের চাপ সবাইকে ভাগ করে নিতে হবে।

এ সময় আগের সরকারের সময় এবং অন্তর্বর্তী সরকারের আমলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের যে দাবি করা হয়েছিল, সেই সময় বাস্তবে কতটা লোডশেডিং হয়েছিল তার তথ্যও প্রকাশ করা হবে বলে জানান জাহেদ উর রহমান।

তিনি বলেন, এ-সংক্রান্ত তথ্য নিয়ে কাজ চলছে। আগামী সপ্তাহে গত সময়ে কত মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি ছিল এবং কী পরিমাণ লোডশেডিং হয়েছে, তার তথ্য প্রকাশ করার চেষ্টা করা হবে।

বিদ্যুৎ সংকটের কারণ ব্যাখ্যা করে উপদেষ্টা বলেন, জ্বালানির ঘাটতি, বিদ্যুৎকেন্দ্রে হঠাৎ যান্ত্রিক ত্রুটি, রক্ষণাবেক্ষণের জন্য কেন্দ্র বন্ধ থাকা, সঞ্চালন ব্যবস্থার সীমাবদ্ধতা এবং দ্রুত বাড়তে থাকা বিদ্যুতের চাহিদা—সব মিলিয়েই বর্তমান সংকট তৈরি হয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #লোডশেডিং #প্রধানমন্ত্রী #তথ্য উপদেষ্টা