অর্থনীতি

মূল টাকা পেলেও মুনাফা পাবেন না গ্রাহক

সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তিপর্যায়ের আমানতকারীরা তাদের জমানো পুরো অর্থ এখনই তুলে নিলে ভবিষ্যতে আর কোনো মুনাফা পাবেন না। এই টাকা উত্তোলনকেই সংশ্লিষ্ট হিসাবের চূড়ান্ত নিষ্পত্তি হিসেবে বিবেচনা করা হবে।

গেল সোমবার (৩১ আগস্ট) রাতে বাংলাদেশ ব্যাংকের এক বিশেষ প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

এদিকে সম্মিলিত ইসলামী ব্যাংকের মুনাফা দেওয়া না দেওয়ার বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের ঘন ঘন সিদ্ধান্ত বদলের ফলে আমানতকারীদের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে।

অন্তর্বর্তী সরকারের সময়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ৫ ব্যাংকের আমানতকারীদের ২০২৪ ও ২০২৫ সালের কোনো মুনাফা দেওয়া হবে না। কারণ ৫ ব্যাংক নিয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক ওই দুই বছর লোকসান দিয়েছে। বর্তমান সরকার ক্ষমতায় এসে সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ঘোষণা দেন, ব্যাংকের আমানতকারীদের ২০২৪ ও ২০২৫ সালের পূর্ণ মুনাফা দেওয়া হবে।

এর আলোকে গেল সপ্তাহে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের বৈঠকে জানানো হয়, ২০২৪ ও ২০২৫ সালে আমানতকারীদের জমা অর্থের বিপরীতে মুনাফা দেওয়া হবে

সোমবার সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে জারি করা এক নির্দেশনায় বলা হয়, ৭ সেপ্টেম্বর থেকে আমানতকারীরা জমা টাকার মূল অংশ পুরোপুরি তুলতে পারবেন। এজন্য মঙ্গলবার থেকেই গ্রাহকদের সংশ্লিষ্ট শাখায় আবেদন করতে হবে। এসব আবেদন শাখা থেকে প্রধান কার্যালয়ে পাঠানো হবে। প্রধান কার্যালয় সেগুলো সমন্বয় করে শাখা পর্যায়ে টাকা পাঠাবেন। তারপর গ্রাহকরা টাকা তুলতে পারবেন। এগুলো সম্পন্ন করতে এক সপ্তাহ সময় নেওয়া হয়েছে

এ নিয়ে তিন দফায় সিদ্ধান্ত বদল হয়েছে। এতে আমানতকারীদের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে। ব্যাংকাররা বলছেন, এ ধরনের সিদ্ধান্ত বিভ্রান্তিকর। কেন্দ্রীয় ব্যাংককেই এটি স্পষ্ট করতে হবে

নির্দেশনা অনুযায়ী, ব্যক্তি আমানতকারীরা আপাতত মূল টাকা পাবেন। প্রাতিষ্ঠানিক আমানতকারীরা এখনই স্কিমের বাইরে গিয়ে টাকা তুলতে পারবেন না

প্রসঙ্গত, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে লুটপাটে দুর্বল হওয়া ৫টি ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে। ব্যাংকগুলো হচ্ছে-এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন #সম্মিলিত ইসলামী ব্যাংক #অর্থ #উত্তোলন