সরকারি চাকরিজীবীদের পাশাপাশি নবম জাতীয় পে-স্কেলের আওতায় আসছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও। নতুন বেতন কাঠামো সরকারি চাকরিজীবীদের জন্য যেদিন থেকে কার্যকর হবে, একই দিন থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও নতুন হারে মূল বেতন পাবেন। তবে সরকারি কর্মচারীদের মতো সব ধরনের ভাতা ও সুযোগ-সুবিধা তারা পাবেন না।
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) সরকারের উচ্চপর্যায়ের একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস।
সরকারের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এমপিওভুক্ত স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা জাতীয় বেতন স্কেলের অন্তর্ভুক্ত। ফলে তাদের নবম পে-স্কেলের বাইরে রাখার সুযোগ নেই। সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো যেদিন থেকে কার্যকর হবে, সেদিন থেকেই এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও এর আওতায় আসবেন।
সরকারের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নবম পে-স্কেলের সুবিধা পাবেন। সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে যেদিন নতুন পে-স্কেল কার্যকর হবে, শিক্ষকরাও একই তারিখ থেকে নতুন বেতন কাঠামোর সুবিধা পাবেন।
এর আগে সোমবার (৩১ আগস্ট) সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নবম পে-স্কেলের অনুমোদন দেয় মন্ত্রিসভা।
অনুমোদিত নতুন কাঠামো অনুযায়ী, প্রথম গ্রেডে সর্বোচ্চ নির্ধারিত মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা এবং ২০তম গ্রেডে সর্বনিম্ন প্রারম্ভিক মূল বেতন ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন বেতন কাঠামো অনুমোদনের আগে সরকারের আর্থিক সক্ষমতা, দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় এবং সরকারি কর্মচারীদের জীবনমানসহ বিভিন্ন বিষয় বিবেচনা করা হয়েছে। পাশাপাশি একটি ভারসাম্যপূর্ণ ও যৌক্তিক বেতন কাঠামো তৈরির বিষয়টিও গুরুত্ব পেয়েছে।
অনুমোদিত জাতীয় বেতনস্কেল-২০২৬-এ সরকারি কর্মচারীদের জন্য বিদ্যমান ২০টি গ্রেডই বহাল রাখা হয়েছে। তবে প্রতিটি গ্রেডের মূল বেতন নতুন করে নির্ধারণ করা হয়েছে। এর ফলে ২০তম গ্রেডে প্রারম্ভিক মূল বেতন ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেডে সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা দাঁড়িয়েছে।
ন্যায্যতার বিষয়টি বিবেচনায় নিয়ে সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের বেতনের ব্যবধানও কিছুটা কমানো হয়েছে। বিদ্যমান ১:১ দশমিক ৯৪৫ অনুপাত কমিয়ে ১:১ দশমিক ৭৮ করা হয়েছে। এতে সর্বনিম্ন গ্রেডের মূল বেতন ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডের নির্ধারিত বেতন ১০০ শতাংশ বাড়বে।
নতুন পে-স্কেল কার্যকর হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি দেশের বিপুলসংখ্যক এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর মূল বেতনেও এর প্রভাব পড়বে।
এসি//