জাতীয়

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি

‘বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি’

বায়ান্ন প্রতিবেদন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অদূর ভবিষ্যতে সাক্ষাৎ করার প্রত্যাশা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে বাংলাদেশের জনগণের জন্য উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসা পৌঁছে দিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন তিনি।

সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো এক চিঠিতে এসব কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের বরাতে এ তথ্য জানা গেছে।

চিঠিতে বাংলাদেশের সাম্প্রতিক কঠিন সময়ের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, বাংলাদেশের মানুষ অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেছে। তবে তারেক রহমানের নেতৃত্বে দেশ ও জনগণের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে বলে তিনি আশাবাদী।

বাংলাদেশের জনগণের প্রতি উষ্ণ শুভেচ্ছা জানিয়ে ট্রাম্প আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ সামনে আরও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।

এদিকে বোয়িংয়ের উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প।

বাংলাদেশের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি বলেন, বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না এবং বিষয়টি তিনি মনে রাখবেন।

চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, উড়োজাহাজ কেনার বিষয়ে প্রধানমন্ত্রীর মনোযোগ ও সিদ্ধান্তের জন্য তিনি কৃতজ্ঞ। একই সঙ্গে অদূর ভবিষ্যতে তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের অপেক্ষায় রয়েছেন বলেও উল্লেখ করেন।

ট্রাম্পের চিঠিতে মূলত দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার পাশাপাশি ভবিষ্যতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি বৈঠকের আগ্রহ এবং বাংলাদেশের বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের প্রতি মার্কিন প্রেসিডেন্টের সন্তুষ্টির বিষয়টি উঠে এসেছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #প্রধানমন্ত্রী #তারেক রহমান #প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প