ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের আবাসিক হোস্টেলের নারী শিক্ষার্থীদের নিয়ে ফেসবুকে অশালীন মন্তব্য করে পোস্ট দেওয়ার অভিযোগে ক্যাম্পাসে প্রতিবাদ করেছেন শিক্ষার্থীরা। পরে অভিযুক্ত মোরশেদ আলম ওরফে আদিব (২০) নামের ওই শিবির কর্মীকে আটক করে পুলিশে দেন ক্যাম্পাসের শিক্ষার্থীরা। ইনস্টিটিউট কর্তৃপক্ষ কোনো অভিযোগ না দেওয়ায় তাঁকে ছেড়ে দেয় পুলিশ।
সোমবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আজ (১ সেপ্টেম্বর) ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষক সমিতির সভাপতি জি এম তাজউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
শিক্ষার্থীরা জানান, ছাত্রী হোস্টেলের শিক্ষার্থীদের নিয়ে মোরশেদের ফেসবুকে দেওয়া অশালীন মন্তব্যের বিষয়টি জানাজানি হলে গতকাল রাতে হোস্টেলের ছাত্রীরা প্রতিবাদ করেন। একপর্যায়ে ছাত্র হোস্টেলের শিক্ষার্থীরাও তাঁদের সঙ্গে যোগ দেন। পরে শিক্ষার্থীরা আদিবকে আটক করে ইনস্টিটিউট কর্তৃপক্ষের মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করেন।
ছাত্রদলের আহ্বায়ক মো. রুবেল মোঘল বলেন, সম্প্রতি নারী হোস্টেলের আঙিনা পরিষ্কারের কাজ করেন কয়েকজন পরিচ্ছন্নতাকর্মী। তাঁরা হোস্টেলের পাশ থেকে কী কী পেয়েছেন, তা মোরশেদ তাঁদের কাছে জানতে চান। পরে নারী শিক্ষার্থীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে তিনি ফেসবুকে পোস্ট দেন। সাধারণ শিক্ষার্থীরা অভিযুক্ত মোরশেদকে অন্য কোনো পলিটেকনিক ইনস্টিটিউটে স্থানান্তরের দাবি জানিয়েছেন।
ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রশিবিরের সভাপতি খায়ের উদ্দিন বলেন, ছাত্রশিবিরের কর্মী মোরশেদ আলমের একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তবে তিনি ছাত্রশিবিরের সক্রিয় কর্মী নন। যেহেতু তাঁর কোনো দলীয় পদ নেই, তাই তাঁর বিরুদ্ধে সংগঠনগতভাবে কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই।
শিক্ষক সমিতির সভাপতি জি এম তাজউদ্দিন বলেন, লিখিত অভিযোগ না থাকায় রাতে পুলিশ মোরশেদের কাছ থেকে মুচলেকা নিয়ে ইনস্টিটিউট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে আজ সকালে একাডেমিক কাউন্সিল সভায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কলেজের নিরাপত্তার স্বার্থে তদন্ত কমিটির সিদ্ধান্তের আলোকে আদিবকে অন্য কোনো পলিটেকনিক ইনস্টিটিউটে স্থানান্তর করা হবে।
আই/এ