সকাল থেকেই আকাশে মেঘের আনাগোনা, সঙ্গে দমকা হাওয়া আর বৃষ্টির সম্ভাবনা। দেশের সাত অঞ্চলে আজ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। কোথাও কোথাও ঝড়ের গতি ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ সতর্কতা জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকায় এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে বুধবার (০২ সেপ্টেম্বর) রাতে প্রকাশিত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও একই সময়ে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। রাজধানী ঢাকার আকাশও আজ প্রধানত মেঘলা থাকতে পারে। এ সময় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পাশাপাশি বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার সকালে ঢাকার তাপমাত্রা ২৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আজ রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।
তবে বাতাসে অতিরিক্ত জলীয়বাষ্পের কারণে প্রকৃত তাপমাত্রার তুলনায় বেশি গরম অনুভূত হতে পারে। আর্দ্রতার প্রভাবে ঢাকায় অনুভূত সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।
এসি//