আন্তর্জাতিক

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

হঠাৎ বিকট শব্দ, মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। শক্তিশালী বিস্ফোরণে কেঁপে ওঠে বলিভিয়ার একটি সামরিক স্থাপনা। চারদিকে ছড়িয়ে পড়ে ধোঁয়া ও ধ্বংসাবশেষ। প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন। আহত হয়েছেন আরও ৫৮ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার (০৪ সেপ্টেম্বর) দেশটির লা পাজ বিভাগের ভিয়াচা শহরে অবস্থিত রেজিমিয়েন্তো ২ বলিভার সামরিক স্থাপনায় এই বিস্ফোরণ ঘটে।

স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা রিতা নেব্রাস্কার তথ্য অনুযায়ী, বিস্ফোরণে নিহতের সংখ্যা ১০ থেকে ১৫ জনের মধ্যে হতে পারে। আহতদের মধ্যে সামরিক সদস্যের পাশাপাশি বেসামরিক নাগরিকও রয়েছেন।

বলিভিয়ার প্রতিরক্ষামন্ত্রী এরনেস্তো জাস্তিনিয়ানো জানিয়েছেন, আহতদের মধ্যে ৫২ জন বেসামরিক নাগরিক এবং ছয়জন সামরিক সদস্য।

প্রাথমিকভাবে জানা গেছে, সামরিক স্থাপনার এমন একটি অংশে বিস্ফোরণটি ঘটে, যেখানে আতশবাজি বা বিস্ফোরকজাতীয় সামগ্রী রাখা হয়েছিল। তবে ঠিক কী কারণে সেখানে বিস্ফোরণ ঘটল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার কারণ অনুসন্ধানের পাশাপাশি সামরিক স্থাপনায় বিস্ফোরকজাতীয় সামগ্রী কীভাবে সংরক্ষণ করা হয়েছিল, সেটিও খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। ইতোমধ্যে শুরু হয়েছে তদন্ত।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বিস্ফোরণের বিকট শব্দ ও শক্তিশালী কম্পনে সামরিক স্থাপনার আশপাশে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতায় কাছাকাছি কয়েকটি বাড়ির জানালার কাচ ভেঙে যায়। ক্ষতিগ্রস্ত হয় সামরিক স্থাপনারও কিছু অংশ।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় অ্যাম্বুলেন্স ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা। পরে পুরো এলাকা নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে নেওয়া হয়।

প্রাথমিক স্থানীয় প্রতিবেদনে ঘটনাস্থলে দুটি বিস্ফোরণের কথা বলা হয়েছিল।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, দ্বিতীয় বিস্ফোরণটি ছিল তুলনামূলকভাবে বেশি শক্তিশালী। এর ধাক্কায় সামরিক স্থাপনার আশপাশের কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়।

বিস্ফোরণের পর সাধারণ মানুষকে ঘটনাস্থল থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে সামরিক বাহিনী। আরও কোনো ঝুঁকি রয়েছে কি না, তা যাচাই করতে এলাকায় নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

এদিকে, বিস্ফোরণে হতাহতের চূড়ান্ত সংখ্যা এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি কর্তৃপক্ষ। স্থানীয় স্বাস্থ্য বিভাগের হিসাবে নিহতের সংখ্যা ১০ থেকে ১৫ জন হতে পারে। উদ্ধার ও যাচাই কার্যক্রম শেষ হওয়ার পর এই সংখ্যা পরিবর্তিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এর মধ্যেই বলিভিয়ার সামরিক স্থাপনায় অস্ত্র ও গোলাবারুদ ব্যবস্থাপনা নিয়ে আরেকটি তদন্ত চলছে। চলতি সপ্তাহে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সান্তা ক্রুজ বিভাগের একটি সামরিক রেজিমেন্টের গুদাম থেকে ৩৩ হাজার ৬০৮টি ৫ দশমিক ৫৬ গুণ ৪৫ মিলিমিটার গুলি নিখোঁজ হয়েছে। বিষয়টি নিয়েও তদন্ত চলছে।

তবে নিখোঁজ গোলাবারুদের ঘটনার সঙ্গে ভিয়াচার সামরিক স্থাপনায় বিস্ফোরণের কোনো যোগসূত্র রয়েছে—এমন কোনো তথ্য এখন পর্যন্ত দেয়নি বলিভিয়ার কর্তৃপক্ষ।

বিস্ফোরণের প্রকৃত কারণ এবং হতাহতের চূড়ান্ত সংখ্যা জানতে তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #বলিভিয়া #শক্তিশালী বিস্ফোরণ #সামরিক ঘাঁটি