গাজীপুরের কালিয়াকৈরে সিএনজি অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
শনিবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুরের কালিয়াকৈর-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের চেয়ারম্যান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, ফুলবাড়িয়া থেকে মাওনাগামী সড়কে একটি সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় সিএনজির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
এ সময় ঘটনাস্থলেই এক নারীসহ দুজনের মৃত্যু হয়। আহত হন আরও চারজন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। হাসপাতালে নেওয়ার পথে আহতদের মধ্যে আরও একজন মারা যান।
বর্তমানে দুর্ঘটনায় আহত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার পর ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ জট তৈরি হয়। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং যান চলাচল শুরু হয়।
কোনাবাড়ি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাফর আলী খান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সড়ক থেকে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেয়। একই সঙ্গে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এসি//