হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক কর্মীর কাছ থেকে ১২০টি স্বর্ণের বার জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস ও গোয়েন্দা সংস্থার যৌথ দল। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ১৩.৯২ কেজি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ কোটি টাকা।
শনিবার (৫ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার বেলা ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দুবাই-চট্টগ্রাম-ঢাকা রুটে চলাচলকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-১৪৮-এ স্বর্ণ চোরাচালানের তথ্য পায় কাস্টমস কর্তৃপক্ষ।
এরপর কাস্টমস কর্মকর্তা ও প্রিভেন্টিভ টিম বিমানটিতে বিশেষ তল্লাশি চালায়। বিমানের মেকানিক্যাল ও ক্লিনিং দলের সদস্যরা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শেষ করে বিমান থেকে নামার সময় তাদের তল্লাশি করা হচ্ছিল। এ সময় বিমানটির অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল হেলপার মো. সোয়েব গাজীর পরিহিত বেল্টের ভেতর স্কচটেপে মোড়ানো কয়েকটি সন্দেহজনক বস্তু পাওয়া যায়।
পরবর্তীতে বস্তুগুলো কাস্টমস হলে নিয়ে বিভিন্ন সংস্থার প্রতিনিধির উপস্থিতিতে ১২০টি স্বর্ণের উদ্ধার করা হয়। প্রতিটি বারের ওজন ১১৬ গ্রাম হিসেবে মোট ওজন দাঁড়ায় ১৩.৯২ কেজি। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ কোটি টাকা বলে জানিয়েছে এনবিআর।
কাস্টমসের প্রাথমিক ধারণা, মো. সোয়েব গাজী শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের উদ্দেশ্যে এই স্বর্ণের বারগুলো দেশে নিয়ে এসেছিলেন এবং পরবর্তীতে এগুলো বিমানবন্দর সীমানার বাইরে পাচার করার পরিকল্পনা ছিল।
জব্দ করা স্বর্ণের বারগুলো তাৎক্ষণিকভাবে বিমানবন্দর কাস্টমসের গুদামে জমা করা হয়েছে। এছাড়া চোরাচালানের অভিযোগে আটক ও বাজেয়াপ্ত পণ্যের নিষ্পত্তি বিধিমালা অনুযায়ী, মূল্যবান ধাতু হিসেবে এই স্বর্ণের বারগুলো দ্রুত বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
আর/আই