জাতীয়

আগামী প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।

রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকালে বাংলাদেশ সচিবালয়ে রাজধানী ঢাকার চারপাশের নদনদীর দূষণ রোধ, বর্জ্য অপসারণ, নাব্যতা বৃদ্ধি এবং বৃত্তাকার নৌপথের উন্নয়নসহ সার্বিক বিষয় নিয়ে আয়োজিত এক পর্যালোচনা সভায় তিনি এই আহ্বান জানান

সভায় বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরী, বালু ও শীতলক্ষ্যা নদী এবং এর সঙ্গে সংযুক্ত খাল ও ড্রেনের দূষণ নিয়ন্ত্রণ, পানির স্বাভাবিক প্রবাহ বজায় রাখা এবং বৃত্তাকার নৌপথের উন্নয়ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় প্রধানমন্ত্রী এখন পর্যন্ত গৃহীত প্রকল্পগুলো দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের নির্দেশ দেন। পাশাপাশি, সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার মধ্যে সুসমন্বয় বজায় রেখে কাজ এগিয়ে নেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন

তিনি উল্লেখ করেন, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ ও দূষণমুক্ত নদী উপহার দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। এজন্য কেবল সরকারি নির্দেশের অপেক্ষায় না থেকে প্রতিটি নাগরিককে ব্যক্তিগত জায়গা থেকেও সচেতন ও দায়িত্বশীল হতে হবে

উক্ত পর্যালোচনা সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ, মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং বাংলাদেশ নৌবাহিনীর ঢাকা নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ-আল-মাকসুসসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিব, ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক এবং উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন #প্রধানমন্ত্রী #তারেক রহমান #দূষণমুক্ত নদী