রাজধানীর সবুজবাগের আদর্শপাড়ায় বান্ধবীর বাসায় দেখা করতে গিয়ে ছুরিকাঘাতে সিফাত উল্লাহ (২৭) নামে এক কাতারপ্রবাসী যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় রাজিব ও ইয়াসিন নামে আরও দুই জন আহত হয়েছেন।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। আহতরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের বান্ধবী নাজিফা শেখ (২৩) অভিযোগ করেন, বিকেলে সিফাত তার সঙ্গে দেখা করতে তার বাসায় আসেন। এ সময় জয়, রাজিব, ইয়াসিনসহ ৬-৭ জন ওই বাসায় ঢুকে সিফাতকে জোর করে নিচে নামানোর চেষ্টা করেন। একপর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এ সময় হামলাকারীরা সিফাতকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। আহত অবস্থায় সিফাতকে প্রথমে মুগদা হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে (ওসেক) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।
তবে আহত রাজিব ভিন্ন দাবি করে জানান, ওই বাসায় ‘অনৈতিক কাজ’ চলার খবর পেয়ে তারা সেখানে গেলে এক যুবক তাদের ওপর চড়াও হন। তারা এগিয়ে গেলে ওই যুবক ছুরিকাঘাত করেন। পরে ধস্তাধস্তি ও মারামারিতে তারা আহত হন।
এ বিষয়ে নাজিফা জানান, ধোলাইপাড়ের বাসিন্দা সিফাতের সঙ্গে তার দুই বছর ধরে সম্পর্ক। সামনে তাদের বিয়ের কথা চলছিল। যে বাসায় ঘটনাটি ঘটেছে, সেটি তার বড় বোনের বাসা। জয় এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তিনি ওই বাসায় মাঝে মাঝে বন্ধুদের নিয়ে মাদক সেবন করতেন। বিষয়টি জানতে পেরে সিফাত তাদের ওই বাসায় আসতে নিষেধ করেছিলেন। এ নিয়ে তাদের মধ্যে ক্ষোভ ছিল।
সিফাতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে।
আই/এ