জাতীয়

জাপানের বিশেষ দূতের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

মিয়ানমারে ন্যাশনাল রিকনসিলিয়েশন বিষয়ক জাপান সরকারের বিশেষ দূত এবং নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের তথ্যটি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন

সাক্ষাৎকালে দীর্ঘ ৫০ বছর ধরে বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠা ও বৈষম্য নিরসনে নিজের কার্যক্রমের কথা তুলে ধরেন ইয়োহেই সাসাকাওয়া। একইসঙ্গে রোহিঙ্গা সংকট বাংলাদেশের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করেছে উল্লেখ করেন তিনি একই সঙ্গে রোহিঙ্গাদের সহায়তায় জাপান সরকারের মানবিক সহযোগিতার বিষয়টি আলোচনা করেন

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সফরের জন্য জাপানের বিশেষ দূতকে ধন্যবাদ জানান এবং তার দীর্ঘদিনের মানবিক উদ্যোগের প্রশংসা করেন। রোহিঙ্গা সংকটকে দেশের অন্যতম প্রধান সমস্যা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বিপুলসংখ্যক বাস্তুচ্যুত রোহিঙ্গাকে দীর্ঘসময় ধরে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতি ও সামগ্রিক অবকাঠামোর ওপর মারাত্মক চাপ সৃষ্টি হয়েছে

রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে নিজ অবস্থান থেকে জোরালো ভূমিকা রাখার জন্য জাপানি বিশেষ দূতের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি প্রত্যাবাসনের পর মিয়ানমারে রোহিঙ্গাদের পুনর্বাসন প্রক্রিয়ায় সব ধরনের সহযোগিতায় বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলে তিনি জানান

জাপানের বিশেষ দূত জানান, মিয়ানমারের প্রেসিডেন্টের সঙ্গে তার রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়েছে এবং সংকট সমাধানে মিয়ানমার সরকার আন্তরিক। তবে রাখাইন প্রদেশের বর্তমান জটিল পরিস্থিতির কারণে রোঁহিঙ্গা প্রত্যাবাসন অগ্রগতিতে সময় লাগছে৷  

এছাড়া বৈঠকে দ্বিপক্ষীয় উদ্যোগের পাশাপাশি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা ও বহুপক্ষীয় উদ্যোগ জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়

বৈঠকের শেষ পর্যায়ে দেশের অর্থনৈতিক বিনিয়োগের প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশ জাপানি বিনিয়োগ পেতে অত্যন্ত আগ্রহী এবং একটি বিনিয়োগবান্ধব ও সহায়ক পরিবেশ তৈরি করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে

উক্ত সৌজন্য সাক্ষাতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন #বিশেষ দূত #জাপান #প্রধানমন্ত্রী #তারেক রহমান #সাক্ষাৎ