বিএনপি

দারিদ্র্য দূরীকরণে বিএনপি সবসময়ই চ্যাম্পিয়ন ছিল: রিজভী

বায়ান্ন প্রতিবেদন

দারিদ্র্য দূরীকরণে বিএনপি সবসময়ই অগ্রণী ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (০৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।

রুহুল কবির রিজভী বলেন, অর্থমন্ত্রী হিসেবে এম সাইফুর রহমান দেশের অর্থনীতি পরিচালনায় দক্ষতার পরিচয় দিয়েছিলেন। তিনি অর্থপাচার বন্ধে কার্যকর ভূমিকা রেখেছিলেন এবং এ কারণে আন্তর্জাতিকভাবে প্রশংসিতও হয়েছিলেন। অর্থনীতির ব্যবস্থাপনায় তার অসাধারণ সক্ষমতা ছিল।

তিনি আরও বলেন, সাইফুর রহমানের কৃষিভিত্তিক অর্থনৈতিক কর্মসূচির কারণে দেশে কার্তিক মাসের অভাব বা ‘মঙ্গা’ পরিস্থিতি অনেকটাই দূর হয়েছিল। তার সময়ে ব্যাংক লুট, অর্থপাচার কিংবা ব্যাংক থেকে অর্থ নিয়ে সরকারের বাজেট ঘাটতি পূরণের মতো ঘটনা শোনা যায়নি।

বিএনপির এই নেতা বলেন, পরবর্তী ১৭ বছরে দেশে ব্যাংক লুট ও অর্থপাচারের নানা সিন্ডিকেট গড়ে উঠেছে। ওই সময়ে লুটপাটের বাজেটের মাধ্যমে দেশের অর্থনীতিকে দুর্বল করে দেওয়া হয়েছে। স্থানীয় ভাষায় যাকে ‘ফোকলা’ করে দেওয়া বলা যায়, অর্থনৈতিকভাবে পুরো দেশকে অনেকটা সেভাবেই ফাঁকা করে দেওয়া হয়েছে।

রিজভী বলেন, বিএনপির শাসনামলে গ্রামীণ অবকাঠামোর উন্নয়নকে গুরুত্ব দেওয়া হয়েছিল। পাশাপাশি দারিদ্র্য দূরীকরণেও বিএনপি সবসময় অগ্রণী অবস্থানে ছিল।

তিনি বলেন, সাইফুর রহমান অর্থমন্ত্রী থাকা অবস্থায় শেয়ারবাজারে লুটপাটের ঘটনা ঘটেনি। দেশের অর্থনীতিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

রিজভী আরও বলেন, কৃষি অর্থনীতিকে ভিত্তি করে একটি দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারে—এমন ধারণা একসময় অনেকের কাছেই অসম্ভব মনে হয়েছিল। কিন্তু অর্থমন্ত্রী হিসেবে সাইফুর রহমান সেই কাজটি বাস্তবায়ন করতে সক্ষম হয়েছিলেন। দেশের অর্থনীতির বর্তমান ভিত্তি তৈরিতে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এ ছাড়া দেশে সামাজিক সুরক্ষার ধারণাটিও তিনি প্রথম সামনে নিয়ে আসেন।

তিনি বলেন, দেশের মানুষ আবারও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে—এমন প্রত্যাশা সবার রয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #দারিদ্র্য #ভারপ্রাপ্ত মহাসচিব #রুহুল কবির রিজভী #বিএনপি