দেশজুড়ে

মালয়েশিয়া পাচারের আগেই ৫ জন উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের ঠিক আগ মুহুর্তে মানবপাচারের শিকার পাঁচজনকে উদ্ধার করেছে র‍্যাব-১৫। উদ্ধার হওয়া পাঁচ ভিকটিম ও জব্দ করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দিনগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫-এর একটি আভিযানিক দল টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্যম কচ্ছপিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, র‌্যাবের আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে সেখানে থাকা সংঘবদ্ধ মানবপাচারকারীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল এবং পাঁচ জনকে উদ্ধার করা হয়।

 আ. ম. ফারুক জানান, প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী অজ্ঞাতনামা ব্যক্তিরা আর্থিক সুবিধা লাভের উদ্দেশ্যে এবং জবরদস্তিমূলক শ্রম ও সেবা আদায়ের অসৎ অভিপ্রায়ে ভিকটিমদের নৌকাযোগে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে ওই এলাকায় একত্রিত করেছিল।

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন #কক্সবাজার #মালয়েশিয়া #মানবপাচার