দেশজুড়ে

পুলিশ কর্মকর্তার বাড়িতে ইয়াবার গুদাম

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার শহরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে এক পুলিশ কর্মকর্তার মালিকানাধীন বাড়ি থেকে ৯০ হাজার পিস ইয়াবাসহ নগদ ৩৬ লাখ ২০ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে শহরের উত্তর হাজীপাড়া এলাকায় অবস্থিত চট্টগ্রাম কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন বাড়িতে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। ডিএনসি কক্সবাজারের উপপরিচালক সোমেন মণ্ডল বিষয়টি নিশ্চিত করেন।

অভিযানে আটক ব্যক্তিরা হলেন, আশিক মোমেন মেহেদী (২৩), তার স্ত্রী সাদিয়া ফারহানা (২৩) এবং সায়মন সরোয়ার (১৬)।

ডিএনসি জানিয়েছে, আটক তিনজনই টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের বাসিন্দা।

সোমেন মণ্ডল জানান, অভিযানে উদ্ধার হওয়া ইয়াবা ও টাকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটককৃত তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একইসাথে মাদক কারবারের সঙ্গে পুলিশ কর্মকর্তার সংশ্লিষ্টতা রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

কক্সবাজারে মাদক পাচার ও ব্যবসার নেটওয়ার্কের সঙ্গে জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। উত্তর হাজীপাড়ার এই অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা উদ্ধারের ঘটনায় আটক তিনজনের সঙ্গে মাদক কারবারের অন্য কোনো চক্রের যোগাযোগ রয়েছে কি না, সেটিও তদন্তের আওতায় আসতে পারে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন #কক্সবাজার #ইয়াবা #উদ্ধার #পুলিশ কর্মকর্তা