আন্তর্জাতিক

রানওয়েতে বিধ্বস্ত বিমান, আগুনে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়েগো শহরের মন্টগোমারি-গিবস এক্সিকিউটিভ বিমানবন্দরে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে দুইজন নিহত হয়েছেন।

সোমবার (০৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল আনুমানিক ৫টা ২০ মিনিটে বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, দুর্ঘটনায় পড়া বিমানটি একটি ছোট সেসনা উড়োজাহাজ।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, বিমানটি রানওয়েতে আছড়ে পড়ার পরপরই এতে আগুন ধরে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান সান ডিয়েগো ফায়ার-রেসকিউ বিভাগের প্রায় ৩০ জন সদস্য। আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি শুরু হয় উদ্ধার তৎপরতা।

দমকল বিভাগের কর্মকর্তারা জানান, বিমানটিতে থাকা দুই আরোহীর কেউই বেঁচে নেই। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

সান ডিয়েগো পুলিশ বিভাগ জানায়, বিকেল ৫টা ২১ মিনিটের দিকে দুর্ঘটনার খবর পাওয়ার পর কিয়ার্নি মেসার মন্টগোমারি-গিবস এক্সিকিউটিভ বিমানবন্দরে পৌঁছায় পুলিশ। দুর্ঘটনার সময় বিমানটির গতিপথ ও কী কারণে এটি নিয়ন্ত্রণ হারিয়েছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করবে জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড। তদন্তে বিমানটির যান্ত্রিক অবস্থা, উড্ডয়নের পরিস্থিতি এবং দুর্ঘটনার আগে কী ঘটেছিল—এসব বিষয় খতিয়ে দেখা হবে।

এদিকে, ক্যালিফোর্নিয়ায় আরেকটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় চারজনের মৃত্যুর মাত্র দুই দিন পরই সান ডিয়েগোতে এ দুর্ঘটনা ঘটল।

গত শনিবার ফ্রেসনোর সিয়েরা স্কাই পার্ক বিমানবন্দরের কাছে একটি ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারান ফ্লাইট প্রশিক্ষক ড্যানা ইডি, তার স্বামী ক্রেইগ এবং তাদের দুই ছেলে পাভেল ও রেমাস। নিহত ড্যানা ইডির বয়স ছিল ৪১ বছর। তার স্বামী ক্রেইগের বয়স ৪৪ বছর। তাদের দুই ছেলে পাভেল ও রেমাসের বয়স ছিল যথাক্রমে ১০ ও ১৩ বছর।

দুর্ঘটনার খবর পেয়ে দমকলকর্মী, পুলিশ ও শেরিফের ডেপুটিরা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে নদীর কাছের একটি উঁচু টিলায় বিমানের ধ্বংসাবশেষ দেখতে পান তারা। একই সময়ে পাশের পাহাড়ের ঢালজুড়ে আগুন জ্বলছিল।

ফ্রেসনোর ওই দুর্ঘটনায় বিধ্বস্ত বিমানটি ছিল স্থির ডানার এক ইঞ্জিনের উড়োজাহাজ।

পরপর দুই দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় ক্যালিফোর্নিয়ায় ছোট উড়োজাহাজের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তবে সান ডিয়েগোর দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ক্যালিফোর্নিয়া #বিমান বিধ্বস্ত #নিহত