জাতীয়

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগ চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে দেশটির সরকারের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরত দেওয়া হলে দেশের প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, অপরাধী প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে বাংলাদেশ।

তিনি আরও বলেন, দেশের বাইরে অবস্থানরত যেসব ব্যক্তির বিরুদ্ধে মামলা রয়েছে বা যারা বিভিন্ন মামলায় দণ্ডপ্রাপ্ত, তাদের বিষয়ে আইন ও বিদ্যমান প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

‘মক্কা প্যাক্ট’ প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রতিরক্ষামূলক এই সাময়িক জোটে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

ভবিষ্যতে কোনো নতুন ফোরাম বা জোটে যোগ দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের নিজস্ব পররাষ্ট্রনীতিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি। এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার সময় দেশের জনগণের স্বার্থ এবং বাংলাদেশের সম্ভাব্য সুফল বিবেচনায় নেওয়া হবে।

মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তারের সভাপতিত্বে সভায় বিএনপির সহ-শিক্ষাবিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান, কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন, মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান, মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহম্মদ হানজালাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি পরিস্থিতির আরও উন্নয়নে প্রয়োজনীয় বিভিন্ন পদক্ষেপ নিয়েও মতবিনিময় করেন সংশ্লিষ্টরা।

 

এমএ/।

এ সম্পর্কিত আরও পড়ুন #শেখ হাসিনা #পররাষ্ট্র প্রতিমন্ত্রী #শামা ওবায়েদ ইসলাম