খেলাধুলা

আসিয়ান কাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত ফাইল ছবি

প্রথমবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে ফিফা আসিয়ান কাপ। আগামী ২৪ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার জাকার্তায় শুরু হবে টুর্নামেন্টটি, যা চলবে ৪ অক্টোবর পর্যন্ত। প্রথম আসরে ‘এ’ গ্রুপে খেলবে বাংলাদেশ। গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর।

বুধবার (০৯ সেপ্টেম্বর) বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচগুলোর সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

সূচি অনুযায়ী, ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। জাকার্তার গেলোরা বান কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।

এরপর ২৮ সেপ্টেম্বর একই ভেন্যুতে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৩টায়।

গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ১ অক্টোবর। সেদিন স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে সন্ধ্যা সাড়ে ৬টায় মাঠে নামবে হামজারা। ম্যাচটিও হবে বান কার্নো স্টেডিয়ামে।

প্রথমবারের এই ফিফা আসিয়ান কাপে দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশের পাশাপাশি চীন, ভারত ও হংকংকে আমন্ত্রণ জানানো হয়েছিল। পরে ভারত ও চীন নাম প্রত্যাহার করে নিলে বাংলাদেশ ও পাকিস্তানকে আমন্ত্রণ জানানো হয়। ফিফার আমন্ত্রণ পাওয়ার পর টুর্নামেন্টে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয় বাফুফে।

আসর সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল নিয়ে ক্যাম্প করছে বাংলাদেশ। প্রধান কোচ টমাস ডুলির অধীনে চলছে প্রস্তুতি। বিদেশি লিগে খেলা হামজা চৌধুরী, শমিত সোম, তারিক কাজী, জায়ান আহমেদ ও ফাহমিদুল ইসলাম বর্তমানে ক্যাম্পে নেই। তবে চূড়ান্ত দলে তাদের থাকার কথা রয়েছে এবং টুর্নামেন্ট শুরুর আগে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে।

প্রাথমিক দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন সৌরভ দেওয়ান ও মিনহাজুল করিম।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #আসিয়ান কাপ #ইন্দোনেশিয়া #বাংলাদেশ #বাফুফে