রাজধানী

ধানমন্ডি-২৭ নম্বরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

বায়ান্ন প্রতিবেদন

রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বরে একটি বহুতল ভবনের অ্যাপেক্স শোরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে ভবনটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যেই সকাল ১০টা ১৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে প্রথম দল।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ছয়তলা ভবনটির তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার পর মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে অন্য স্টেশন থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজে যোগ দেয়। এ ছাড়া আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

ফায়ার সার্ভিসের ডিউটি কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।

এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ, কোনো হতাহত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ধানমন্ডি-২৭ #আগুন