জাতীয়

লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আগে করতাম : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গ্যাস-বিদ্যুৎ সমস্যা সমাধানে আমরা আমাদের বিরোধীদলীয় বন্ধুদের কাছে সহযোগিতা আশা করেছিলাম। অথচ আমরা দেখলাম একটি বিশাল গাড়ির লংমার্চ আয়োজন করা হয়েছিল। গাড়ির লংমার্চ করে যদি গ্যাস বা বিদ্যুতের সমস্যার সমাধান করাই যেত, তাহলে আমরাই সবচেয়ে আগে লংমার্চের আয়োজন করতাম।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সমাপনী দিনে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, গত এক যুগেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদী শাসনামলে দেশীয় উৎস থেকে গ্যাস উত্তোলনের বিন্দুমাত্র চেষ্টা করা হয়নি। বঙ্গোপসাগরে বাংলাদেশের দুই পাশে থাকা প্রতিবেশী দেশগুলো সমুদ্র থেকে গ্যাস উত্তোলন করলেও বাংলাদেশের অংশে দীর্ঘ সময় গ্যাস উত্তোলনের চেষ্টা করা হয়নি।

তিনি বলেন, মধ্যপ্রাচ্য ছিল বাংলাদেশের গ্যাস আমদানির প্রধান উৎস। ফলে দেশকে জ্বালানি ক্ষেত্রে আমদানিনির্ভর করে ফেলা হয়েছিল। নির্বাচনের পর সরকার গঠনের ১০ থেকে ১২ দিনের মধ্যেই মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি শুরু হওয়ায় তেল ও গ্যাস আমদানিতে বাধা সৃষ্টি হয়। এর মধ্যে দুটি ভাসমান এলএনজি টার্মিনালের একটিতে বৈদ্যুতিক শকের কারণে দুর্ঘটনা ঘটে এবং সেটি গ্যাস সরবরাহে সম্পূর্ণভাবে অক্ষম হয়ে পড়ে

তিনি আরও বলেন, এ কারণেই বর্তমানে গ্যাস এবং বিদ্যুতের জন্য সমগ্র দেশের মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। পরিস্থিতিকে সঠিকভাবে উপস্থাপন না করে সংকটকে রাজনৈতিক সুযোগ হিসেবে ব্যবহার করা হলে পতিত, পরাজিত, বিতাড়িত ফ্যাসিবাদ চক্র লাভবান হবে।

তারেক রহমান বলেন, সরকার ইতোমধ্যে গ্যাস ও বিদ্যুৎ সমস্যা মোকাবিলায় বিভিন্ন ব্যবস্থা নিয়েছেআমরা দৃঢ়ভাবে আশাবাদী, ইনশাআল্লাহ আমরা সময়ের সঙ্গে সঙ্গে গ্যাস বা বিদ্যুতের যে সমস্যা যাচ্ছে, সেই সমস্যার সমাধান করতে সক্ষম হবো। বিরোধীদলীয় সহকর্মীদের সঙ্গে নিয়ে সরকার দেশ ও জাতিকে এই সমস্যা থেকে বের করে আনতে সক্ষম হবে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #প্রধানমন্ত্রী