জাতীয়

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

বায়ান্ন প্রতিবেদন

একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে রাজধানী ঢাকায় ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, দেশ পরিচালনায় সরকারের পাশাপাশি সবার সহযোগিতা প্রয়োজন। সবাইকে সম্মিলিতভাবে এমন একটি রাষ্ট্র গড়ে তুলতে কাজ করতে হবে, যেখানে দেশের মানুষের কাঙ্ক্ষিত লক্ষ্য ও প্রত্যাশা পূরণ করা সম্ভব হবে।

অনুষ্ঠানে বক্তাদের দিকনির্দেশনামূলক বক্তব্যের প্রশংসা করে তারেক রহমান বলেন, আগের বক্তারা বিশেষ করে ডক্টর আনিসুজ্জামান উদ্ভাবন নিয়ে তার উপস্থাপনা ও বক্তব্যে গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। এসব আলোচনার মধ্য দিয়েই আগামী দিনের কর্মপন্থা অনেকটা নির্ধারিত হয়ে গেছে। পরিকল্পনাগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করা সম্ভব হলে নির্ধারিত লক্ষ্যে পৌঁছানো যাবে।

দেশের সামগ্রিক অগ্রগতিতে উদ্ভাবক ও ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্র ও সরকারের বর্তমান প্রয়োজন পূরণে উদ্ভাবনী শক্তি নিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে। উদ্যোক্তা ও গবেষকদের সর্বাত্মক সহযোগিতায় সরকার সব সময় পাশে থাকবে।

পরে আনুষ্ঠানিকভাবে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী, দেশি-বিদেশি উদ্ভাবক ও বিভিন্ন পর্যায়ের গবেষকরা উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #প্রধানমন্ত্রী তারেক রহমান #বাংলাদেশ