জাতীয়

গণঅভ্যুত্থানের পর দেশে ফ্যাসিবাদ ও স্বৈরাচারের ঠাঁই নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে ফ্যাসিবাদ ও স্বৈরাচারের কোনো জায়গা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণহত্যার সঙ্গে জড়িত প্রত্যেকের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে নিশ্চিত করা হবে। প্রয়োজন হলে ট্রাইব্যুনালের সংখ্যা আরও বাড়ানো হবে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার ধোলাইখালের কাছে সাদেক হোসেন খোকা মাঠে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী প্রকৌশলী ইশরাক হোসেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, গত ১৭ বছরে যারা দেশে গুম, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিল, তাদের আওয়ামী ফ্যাসিবাদী শক্তি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তাদের আর বাংলাদেশের মাটিতে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না।

ভারতে অবস্থানরত শেখ হাসিনা ও সাবেক নেতাদের জুম বৈঠক এবং ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাকে আনুষ্ঠানিকভাবে ফেরত চেয়েছে বাংলাদেশ।

তিনি আরও বলেন, ‘আমরাও চাই তিনি দেশে ফিরে আসুন এবং বিচারের মুখোমুখি হোন’।

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রসঙ্গেও স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারের পাশাপাশি প্রতিবেশী দেশগুলোতেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে জনগণের ওপর চাপ কমাতে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম এক মাস দেশের বাজারে জ্বালানির দাম বাড়াননি।

সীমান্ত দিয়ে জ্বালানি পাচার ঠেকানো এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখার জন্য শেষ পর্যন্ত সামান্য মূল্য সমন্বয় করতে হয়েছে বলে জানান তিনি।

সাময়িক এই ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে সালাহউদ্দিন আহমদ বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে বাংলাদেশেও অনুপাতে দাম কমানো হবে।

দেশবাসীর প্রতি ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজপথে রক্তের বিনিময়ে ফ্যাসিবাদের পতন ঘটেছে। এখন গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #স্বরাষ্ট্রমন্ত্রী #সালাহউদ্দিন আহমদ