শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্যাপনের পরিবেশ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৮টার দিকে সিরাজগঞ্জ শহরের হোসেনপুরে আল মাহমুদ এভিনিউয়ে নিজ বাসভবনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে তাদের ধর্মীয় উৎসব উদ্যাপন করতে পারেন, সে জন্য সরকার বদ্ধপরিকর। পূজাকে ঘিরে কেউ যাতে ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।
বিদ্যুৎ সরবরাহের বিষয়ে মন্ত্রী বলেন, পূজার সময় সারাদেশে বিদ্যুৎ বিভ্রাট এড়াতে বিদ্যুৎ বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। বিদ্যুৎ খাতে কিছু সমস্যা থাকলেও উৎসবের দিনগুলোতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করা হবে। এ ছাড়া পূজা উদ্যাপনে সহায়তার জন্য ইতোমধ্যে প্রতিটি মন্দিরে সরকারি সহযোগিতা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান বিভাগীয় শহরগুলোতে পূজামণ্ডপ পরিদর্শন করবেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সহসভাপতি ও জেলা পূজা উদ্যাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ভিপি অমর কৃষ্ণ দাস, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা এবং পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানুসহ জেলা বিএনপি ও সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
আই/এ