আন্তর্জাতিক

মুক্তি পেয়েছেন নেহা বোরা, দীপকে কোথায় জানতে চায় সিজেপি

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: এনডিটিভি

দিল্লিতে ‘লেহরা দো তিরঙ্গা’ বিক্ষোভ কর্মসূচির আগে আটক অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) প্রধান নেহা বোরাকে মুক্তি দিয়েছে পুলিশ। তবে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এখনো পুলিশের হেফাজতে রয়েছেন। তাকে কোথায় রাখা হয়েছে, তা জানানো হয়নি বলে অভিযোগ করেছে তার দল।

শুক্রবার (১৬ অক্টোবর) দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ মিছিলকে কেন্দ্র করে পুলিশের অভিযানে অভিজিৎ দীপক ও নেহা বোরা আটক হন।

শনিবার (১৭ অক্টোবর) ভোরে নেহা মুক্তি পেলেও শান্তি ভঙ্গের আশঙ্কায় অভিজিৎ দীপককে আটকে রেখেছে পুলিশ। তার অবস্থান নিয়ে উদ্বেগ জানিয়েছে সিজেপি। দলটির আইনবিষয়ক প্রধান রত্না সিংয়ের দাবি, অভিজিতের সঙ্গে আইনজীবীরাও দেখা করতে পারেননি।

শান্তি ভঙ্গের আশঙ্কায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১২৬ ও ১৭০ ধারায় ব্যবস্থা নেওয়ার পর অভিজিৎকে গ্রেপ্তার করা হয়। শনিবার দিনের পরবর্তী সময়ে তাকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করার কথা রয়েছে। অন্যদিকে, দিল্লি পুলিশ আইনের ৬৫ ধারায় আটকের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর নেহা বোরাকে ছেড়ে দেওয়া হয়।

আটকের মাধ্যমে ভয় তৈরির অভিযোগ নেহার

মুক্তি পাওয়ার পর নেহা বোরা অভিযোগ করেন, কোনো বৈধ কারণ ছাড়াই বিক্ষোভকারীদের আটক করে ঘণ্টার পর ঘণ্টা থানায় বসিয়ে রাখা হচ্ছে। সাধারণ মানুষের মধ্যে ভীতি তৈরি করতেই এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি।

নেহা বলেন, দীর্ঘদিন ধরে ভারতে বৈধ কারণ ছাড়াই মানুষকে আটক করে দীর্ঘ সময় হেফাজতে রাখার ঘটনা ঘটছে। চলমান আন্দোলনে প্রতিদিন একই ধরনের ঘটনা ঘটায় বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠেছে। বিক্ষোভকারীদের আটক করার পর পরদিন সকালে বা সন্ধ্যায় ছেড়ে দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

নিজের আটকের অভিজ্ঞতা তুলে ধরে নেহা বলেন, এ ধরনের আটকের উদ্দেশ্য কী এবং সাধারণ নাগরিকদের ভয় দেখাতে কীভাবে তা ব্যবহার করা হচ্ছে, তা তিনি নিজেই দেখেছেন।

অভিজিৎ দীপকসহ আটক অন্য বিক্ষোভকারীদেরও অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানান নেহা।

তিনি বলেন, অভিজিৎকে আটকের বিষয়টিও তিনি আগে জানতেন না।

নেহার অভিযোগ, আটক ব্যক্তিরা সাধারণ নাগরিক। তারা কেবল জবাবদিহি ও ভোট দেওয়ার অধিকার চাইছেন। এ কারণে তাদের আটকে রাখা কিংবা সারা রাত থানায় রাখার কোনো যৌক্তিকতা নেই।

শুক্রবার থেকেই অবস্থান নিয়ে উদ্বেগ

শুক্রবার বিক্ষোভে যোগ দিতে যাওয়ার পথে আটকের পর থেকেই অভিজিৎ দীপক ও নেহা বোরার অবস্থান নিয়ে উদ্বেগ জানিয়ে আসছিল সিজেপি ও আইসা।

দুই সংগঠনের অভিযোগ, আটকের পর তাদের আইনজীবী ও সহযোগীদের সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়া হয়নি।

সিজেপির দাবি, অভিজিৎকে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে দিল্লি পুলিশ। ফলে তার সঙ্গে দলটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সংগঠনটি জানায়, অভিজিতের অবস্থান সম্পর্কে তারা কিছু জানে না। এমনকি তাকে আইনজীবীদের সঙ্গে কথা বলতেও দেওয়া হচ্ছে না।

অন্যদিকে আইসার অভিযোগ, নেহা বোরাকে দিল্লির মঙ্গোলপুরীতে অ্যান্টি-নারকোটিকস টাস্ক ফোর্সের কার্যালয়ে একা আটকে রাখা হয়েছিল। পরে শনিবার ভোরে তাকে মুক্তি দেওয়া হয়। তবে অভিজিৎ দীপকের অবস্থান ও তার সঙ্গে আইনজীবীদের যোগাযোগের সুযোগ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি।

সূত্র: এনডিটিভি

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #আইসা #নেহা বোরা #অভিজিৎ দীপকে #সিজেপি #ভারত