জাতীয়

শিশু হাসপাতালে নিজ কক্ষে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

বায়ান্ন প্রতিবেদন

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট পরিদর্শনে গিয়ে নিজের কক্ষে বসে এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তার কক্ষের অপরিচ্ছন্ন পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি। এ ঘটনায় সংশ্লিষ্ট চিকিৎসককে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

শনিবার (১৭ অক্টোবর) শিশু হাসপাতাল পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। এ সময় হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখার পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কর্মপরিবেশ এবং সার্বিক পরিচ্ছন্নতা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি।

পরিদর্শনের একপর্যায়ে হাসপাতালের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামের কক্ষে যান প্রধানমন্ত্রী। সেখানে তাকে বসে ধূমপান করতে দেখেন তিনি। একই সঙ্গে কক্ষটির অপরিচ্ছন্ন পরিবেশও দেখতে পান। শিশুদের চিকিৎসার মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে একজন চিকিৎসকের এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেন সরকারপ্রধান।

এরপর হাসপাতালের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হককে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পরে চিকিৎসক রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়।

পরিদর্শনকালে হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখা, স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা এবং মানসম্মত চিকিৎসাসেবা দেওয়ার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীসহ সংশ্লিষ্ট সবাইকে পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশনা দেন তিনি।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #প্রধানমন্ত্রী #শিশু হাসপাতাল #তারেক রহমান