ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে কংগ্রেসের নেতৃত্বে আয়োজিত বিক্ষোভে যোগ দিয়েছে তামিলনাড়ুর ক্ষমতাসীন দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)। ভোটার তালিকায় অনিয়ম ও বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার প্রতিবাদে চেন্নাইয়ে এ কর্মসূচি পালন করা হয়।
বিরোধী দলগুলোর জোট ‘ইন্ডিয়া’তে গত ৩ অক্টোবর যোগ দেওয়ার পর নির্বাচন কমিশনের বিরুদ্ধে এ ধরনের বিক্ষোভে টিভিকের এটিই প্রথম অংশগ্রহণ। কংগ্রেসের সংসদ সদস্য বি মানিকাম ঠাকুর ও তামিলনাড়ু কংগ্রেস কমিটির যৌথ উদ্যোগে বিক্ষোভের আয়োজন করা হয়।
চেন্নাইয়ের এ কর্মসূচিতে ‘ইন্ডিয়া’ জোটের সাতটি শরিক দলের নেতারা অংশ নেন। একই সময়ে ভারতের রাজধানী নয়াদিল্লিতেও ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে বিক্ষোভ চলছে।
টিভিকের এ কর্মসূচিতে অংশ নেওয়ার কয়েক দিন আগেই কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করেন দলটির প্রধান ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। গত ১০ অক্টোবর চেন্নাইয়ের শহরতলি নীলাঙ্করাইয়ে বিজয়ের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বৈঠকে দুই নেতা বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করেন।
সংবাদমাধ্যম সাউথ ফার্স্ট কংগ্রেসের নেতৃত্বের বরাত দিয়ে জানিয়েছে, ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে ভবিষ্যতে বিভিন্ন আলোচনা, প্রচার ও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে বিজয় ও তাঁর দলকে আমন্ত্রণ জানিয়েছিলেন রাহুল গান্ধী।
পিটিআইয়ের প্রতিবেদনে আরও বলা হয়, ধারাপুরাম ও মাদুরান্তাকাম উপনির্বাচনে টিভিকের বিজয়ের জন্য বিজয়কে অভিনন্দন জানান রাহুল। তামিলনাড়ুতে ‘ধর্মনিরপেক্ষ সামাজিক ন্যায়বিচার বিজয় জোট’ গঠনের পর এটিই ছিল দুই নেতার প্রথম বৈঠক।
এদিকে চেন্নাইয়ের বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার মাধ্যমে পরিকল্পিতভাবে কোটি কোটি ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তাঁদের দাবি, বাদ পড়া ভোটারদের বড় অংশ মুসলিম, ক্ষুদ্র জাতিসত্তা ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ।
বিক্ষোভকারীদের দাবি, শুধু তামিলনাড়ুতেই ৯৭ লাখের বেশি ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে।
তাদের অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের এ উদ্যোগ সংবিধানের চেতনাকে ক্ষুণ্ন করছে।
বিক্ষোভে অংশ নেওয়া নেতারা পুরো প্রক্রিয়াকে ‘গণতান্ত্রিক হত্যাকাণ্ড’ বলে আখ্যা দেন। তাদের আশঙ্কা, ক্ষমতাসীন বিজেপিকে সুবিধা দিতেই নির্বাচনী প্রক্রিয়ায় কারসাজি করা হচ্ছে।
তবে ভোটার তালিকা সংশোধন নিয়ে বিক্ষোভকারীদের এসব অভিযোগের স্বাধীন যাচাইয়ের তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
এসি//