ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে শীতলা মাতা মন্দিরের কাছে ভক্তদের ওপর ট্রাক উঠে যাওয়ার ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৯ জন। দুর্ঘটনায় মন্দিরের প্রবেশপথের দেয়ালের একাংশও ধসে পড়ে।
রোববার (১৮ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। পুলিশ জানিয়েছে, শনিবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সপ্তমী উপলক্ষে ওই রাতে গোয়ালিয়র ও আশপাশের জেলা থেকে বিপুলসংখ্যক ভক্ত মন্দিরে সমবেত হয়েছিলেন। ভিড়ের কারণে এলাকায় ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা ছিল।
গোয়ালিয়রের পুলিশ সুপার ধরমবীর যাদব জানান, রাত দেড়টার দিকে চিনোরের দিক থেকে ধানবোঝাই একটি ট্রাক এলে ব্যারিকেডের কাছে সেটিকে থামানো হয়। তবে ঢালু রাস্তায় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি পাশের কয়েকটি দোকান ও ভক্তদের ওপর উঠে যায়। এরপর ব্যারিকেড ভেঙে মন্দিরের প্রবেশপথে ধাক্কা দেয়।
তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে ট্রাকটির যান্ত্রিক ত্রুটির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।
ট্রাকের ধাক্কায় মন্দিরের প্রবেশপথের দেয়ালের একটি অংশ ধসে পড়ে। এতে কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন। পরে পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করেন।
এমএ//