জাতীয়

জাপানে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দুয়ার

বায়ান্ন প্রতিবেদন

জাপানের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। দুই দেশের মধ্যে কর্মীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ে নতুন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী, ২০২৭ সালের ১ এপ্রিল থেকে বাংলাদেশি কর্মী নেওয়া শুরু করবে জাপান।

সোমবার (১৯ অক্টোবর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয় জানায়, প্রায় এক বছরের প্রচেষ্টার পর গত ১৭ অক্টোবর দুই দেশের মধ্যে চুক্তিটি চূড়ান্তভাবে স্বাক্ষরিত হয়। চুক্তিটির নাম ‘কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন সহযোগিতা স্মারক’ (ইএসডিপি-এমওসি)।

এতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব। জাপানের পক্ষে দেশটির বিচার মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয় এবং জাতীয় পুলিশ সংস্থার প্রতিনিধিরা চুক্তিতে স্বাক্ষর করেন।

মন্ত্রণালয়ের মতে, বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর ক্ষেত্রে এ চুক্তি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে জাপানে বাংলাদেশি কর্মীদের কাজের সুযোগ সম্প্রসারিত হবে। পাশাপাশি কর্মীদের অধিকার, সুযোগ-সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতেও চুক্তিটি ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

চুক্তিটির প্রাথমিক মেয়াদ পাঁচ বছর। এ সময় শেষ হলে স্বয়ংক্রিয়ভাবে আরও পাঁচ বছরের জন্য নবায়ন হবে। ফলে চুক্তিটির মোট কার্যকর মেয়াদ হবে ১০ বছর।

এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, কর্মীদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি কর্মী পাঠানো ও গ্রহণের ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা হবে।

তিনি আরও বলেন, জাপানে কাজের সুযোগের মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের দক্ষতা বাড়বে। এর ফলে তাঁরা উচ্চ বেতন পাওয়ার পাশাপাশি দেশটিতে দীর্ঘমেয়াদে বসবাসের সুযোগও পেতে পারেন।

সংশ্লিষ্টদের আশা, নতুন এ চুক্তির ফলে জাপানের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণ বাড়বে। একই সঙ্গে দক্ষতা অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের প্রতিযোগিতামূলক সক্ষমতাও আরও বৃদ্ধি পাবে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #জাপান #বাংলাদেশি কর্মী