জাতীয়

আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী

বায়ান্ন প্রতিবেদন

বিরোধিতা করতে গিয়ে আওয়ামী লীগকে আবারও রাজনীতিতে ফিরিয়ে আনার চেষ্টা করলে জুলাইয়ের শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর ওসমানী উদ্যানের আধুনিকায়ন কাজ ও সেখানে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

বিরোধী দলের ভূমিকার সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, বিরোধিতা করার জন্যই বিরোধিতা করছে বিরোধী দল। জুলাইয়ের চেতনাকে ধারণ না করায় আমন্ত্রণ পেয়েও তারা জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়নি।

তার মতে, বিরোধী দল আবারও আগের অবস্থানে ফিরে গেছে।

এ সময় বিরোধী দলকে গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানান তারেক রহমান।

তিনি বলেন, সব বিষয়ে মতের মিল না থাকলেও দেশের মানুষের স্বার্থে দ্বিমত পোষণের কোনো সুযোগ নেই। গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের জুলাই আন্দোলন সংঘটিত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

জুলাই আন্দোলনের মাধ্যমে দেশের মানুষ গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জুলাই স্মৃতিস্তম্ভে ৮১৩ জন শহীদের নাম লিপিবদ্ধ রয়েছে। তাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশে গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে এবং গণতান্ত্রিক সরকার গঠিত হয়েছে।

তিনি আরও বলেন, জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের মাধ্যমে জাতীয়তাবাদী দলকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। আগামী পাঁচ বছর এ সরকার দেশ পরিচালনা করবে।

বিরোধী দলের প্রতি ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, এডিস মশা সরকারি দল বা বিরোধী দল চেনে না। তাই ডেঙ্গু প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানে হাসপাতালগুলোতে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার জন্য চিকিৎসকদের নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #আওয়ামী লীগ #প্রধানমন্ত্রী তারেক রহমান