দেশজুড়ে

সব ধর্মের মানুষকে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চান প্রধানমন্ত্রী

বায়ান্ন প্রতিবেদন

সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ও প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ নির্মাণে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।

মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুরের পাগলাপীরে এক পথসভায় বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে সব ধর্মের মানুষ একসঙ্গে অংশ নিয়েছেন। এখন দেশকে এগিয়ে নেওয়া এবং সুন্দরভাবে গড়ে তোলার কাজেও সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত পরিশ্রমের মধ্য দিয়ে দেশকে প্রত্যাশিত অবস্থানে নিয়ে যাওয়াই সবার লক্ষ্য হওয়া উচিত।

তিনি বলেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান—সবাই এ দেশের নাগরিক। বাংলাদেশ সবার, তাই দেশের উন্নয়ন এবং ভবিষ্যৎ গড়ার দায়িত্বও সবার। ধর্মীয় পরিচয় নির্বিশেষে সবাইকে নিয়ে একটি সুন্দর দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

১২ তারিখের নির্বাচনের প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, নির্বাচনের পর দেশের মানুষ বিএনপিকে সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছে। দায়িত্ব গ্রহণের পর থেকেই খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে সরকার। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রয়োজন বিবেচনায় নিয়ে তাদের কল্যাণে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে।

সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। পাশাপাশি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু করা হয়েছে। এ ছাড়া ইমাম, মুয়াজ্জিনসহ অন্যান্য গুরুজনদের জন্য ভাতার ব্যবস্থা করা হয়েছে। সমাজের প্রতিটি শ্রেণির শ্রমজীবী ও সাধারণ মানুষের পাশে থাকার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের উৎসবের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, এ উৎসবকে সামনে রেখে সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি, ঐক্য ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও দৃঢ় হওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, স্বাধীনতার সময় দেশের সব ধর্মের মানুষ যেভাবে একসঙ্গে কাজ করেছেন, একইভাবে দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্যও তাদের সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। সবার অংশগ্রহণ ও পরিশ্রমের মধ্য দিয়ে একটি সুন্দর, সমৃদ্ধ ও প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #প্রধানমন্ত্রী #তারেক রহমান