রাজধানী

অতিরিক্ত ডিআইজির ভাড়া দেয়া বাসায় মাদকসহ ডিজে পার্টি, আটক ৮৪

পুলিশ সদর দপ্তরের এডিশনাল ডিআইজি (পার্সোনাল ম্যানেজমেন্ট-২) আব্দুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া বাসায় অভিযান চালিয়ে মাদকসহ ৮৪ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২০ অক্টোবর) দিনগত রাতে রাজধানীর ভাটারা থানাধীন একটি আবাসিক এলাকার ওই বাসায় (পুলিশ হাউজিং-১) অভিযান পরিচালনা করে গোয়েন্দা উত্তরা বিভাগের একটি দল। ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা বিভাগ) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাতভর ডিজে পার্টি, মাদকসেবনসহ মাদকের কারবার পরিচালিত হয় এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। ওই বাসাটি অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের বাসা। তিনি বাসাটি একটি এপের মাধ্যমে ভাড়া দিয়েছিলেন।

এ পুলিশ কর্মকর্তা জানান,  সেখানে অবৈধভাবে মাদকসেবন, ডিজে পার্টি পরিচালিত হচ্ছিল। সেখান থেকে ২৬ জন মহিলা ও ৫৮ জন পুরুষকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে মাদকদ্রব্য। আটকদের মধ্যে একজন আফগানিস্তানের নাগরিকও আছেন। এ ব্যাপারে আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ভাড়া দেয়া এপের বিষয়ে তিনি আরও বলেন,  এয়ারবিএনবি হলো একটি অনলাইন মার্কেটপ্লেস বা প্ল্যাটফর্ম, যার মাধ্যমে বিশ্বজুড়ে মানুষ তাদের বাড়ি, অ্যাপার্টমেন্ট, ভিলা বা রুম স্বল্প ও দীর্ঘ সময়ের জন্য পর্যটক বা অতিথিদের কাছে ভাড়া দিতে পারেন এবং অতিথিরা বুকিং করতে পারেন।

গোয়েন্দা উত্তরা বিভাগের ডিসি ইলিয়াস কবির বলেন,  ওই বাসা একজন কোহোস্ট ও হোস্টের মাধ্যমে পরিচালিত হচ্ছিল। কোহোস্ট মাহবুবুল আলম আটক আছেন। এয়ারবিএনবিকে ভাড়া দেওয়া হলেও ওই বাসা থেকে যা আয় হতো তার ৭০ শতাংশ নিতেন অতিরিক্ত ডিআইজি।

ওই বাসায় কি পরিমাণ মাদকদ্রব্য জব্দ এবং আটক ব্যক্তিদের বিষয়ে ডিবি এখনও বিস্তারিত কিছু জানায়নি।

এ সম্পর্কিত আরও পড়ুন #অতিরিক্ত ডিআইজি #মাদক