খুলনার তেরখাদার মধুপুর শ্যামনগর পুরাতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক নারীকে (৩১) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তেরখাদা উপজেলার মধুপুর গ্রামের মিকাঈল শেখের ছেলে সামিউল শেখ (২৮), একই গ্রামের মো. আলমগীর কাজীর ছেলে মাজাহারুল কাজী (২২) এবং আশরাফ শরীফের ছেলে শাহাজাহান শরীফকে (৩৮) পুলিশ আটক করেছে।
সোমবার (১৯ অক্টোবর) গভীর রাতে এ সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। আজ (২০ অক্টোবর) জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান , গতকাল রাত সাড়ে ১২টার দিকে দিঘলিয়া যাওয়ার জন্য তেরখাদা উপজেলার ৬ নম্বর মধুপুর ইউনিয়নের বেলেঘাটে ভুক্তভোগী ওই নারী অপেক্ষা করছিলেন । এ সময় কয়েকজন জেলে তাকে নদী পার করে দেওয়ার কথা বলে নৌকায় তোলেন।
পরে নৌকাটিকে দিঘলিয়ার দিকে না নিয়ে মধুপুর শ্যামনগর পুরাতন প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে নিয়ে যান তারা। সেখানে ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করে।
এ ঘটনায় বাকি অভিযুক্তদের গ্রেপ্তার ও মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
আই/এ