রাজধানী

রাজধানীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

রাজধানীর মহাখালীতে চলন্ত ট্রেনের ধাক্কায় রায়হান (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি মহাখালী রেলগেটে একটি খাবার হোটেলে কাজ করতেন।  একটি মেস বাসায় থাকতেন রায়হান। তার বাড়ি বরিশাল।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের বন্ধু আকাশ জানান, সন্ধ্যায় রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন রায়হান। তখন বিমানবন্দরগামী একটি ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে তার। এতে ছিটকে পাশে পড়ে যান তিনি। খবর পেয়ে তিনি রায়হানকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। রাত সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ক্যাম্পের ইনচার্জ  মো. হাবিবুর রহমান বলেন, ‘মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি ঢাকা রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।’

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #মহাখালী #ট্রেন