গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় চতুর্থ শ্রেনির এক স্কুলছাত্রীকে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ এবং ওষুধ খাইয়ে গর্ভপাত করানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা করার পর ভুক্তভোগী শিশুর চাচাতো ভাইসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) দিনগত রাতে উপজেলার একটি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তারের পর আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদীর স্বামী প্রায় ছয় বছর আগে মারা গেছেন। তাঁর তিন মেয়ে ও এক ছেলে। বড় মেয়ের বিয়ে হয়ে গেছে। বাদী ও আরেক মেয়ে একটি প্রতিষ্ঠানে চাকরি করায় ভুক্তভোগী শিশুটি বেশির ভাগ সময় বাড়িতে একা থাকত। গত মে মাসে গ্রেপ্তার চাচাতো ভাই শিশুটিকে ফুসলিয়ে তাঁদের পুরোনো বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। পরে অন্য তিন আসামি শিশুটিকে মেরে ফেলার ভয় দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন। একপর্যায়ে শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।
অভিযুক্ত চাচাতো ভাই সম্প্রতি অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি বুঝতে পেরে ওষুধ এনে শিশুটিকে খাওয়ান। গতকাল ভোর চারটার দিকে শিশুটির পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয়। একপর্যায়ে তার গর্ভপাত হয়ে যায়। এ সময় মায়ের কাছে সে পুরো ঘটনা খুলে বলে।
পরে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে গাজীপুরের একটি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
(ওসি) মো. জাকির হোসেন বলেন,গতকাল রাতে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে চারজনের নামে থানায় লিখিত অভিযোগ দেন। পরে সেটি মামলা হিসেবে রেকর্ড করা হয়। শিশুটি স্থানীয় একটি কিন্ডারগার্টেনে চতুর্থ শ্রেণিতে পড়ে। মামলার ৪ নম্বর আসামি পলাতক। তাঁকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।
আই/এ